ইসলামি সম্প্রচার নিয়ে আসছে নুরফ্লিক্স

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৭:৪৫ এএম

মালয়েশিয়ায় ইসলামি শরিয়া অনুমোদিত সৃজনশীল ধর্মীয় কনটেন্ট নিয়ে আসছে নুরফ্লিক্স। এ বছরের অক্টোবর থেকে কিছু জনপ্রিয় কনটেন্ট চালু করবে বলেও জানিয়েছে প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ‘আমানজ’-এর স্বত্বাধিকারী সুতেরা হিজু ভেনঞ্চার। ইতিমধ্যে ১২টি শিরোনাম নির্ধারণ করা হয়েছে। এর জন্য প্রায় ৪০ মিলিয়ন মালাই রিঙ্গিত বরাদ্দ করেছে প্রতিষ্ঠানটি। মালায় মেইলে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।

বর্তমান সময়ের জনপ্রিয় ব্যক্তিদের দ্বারা লিখিত কনটেন্ট থেকে তৈরি ড্রামা, ফিচার ফিল্ম, ডকুমেন্টারি এতে সম্প্রচার করা হবে। এর যাত্রা শুরু হবে ইসলামের ইতিহাসের বিখ্যাত গল্প দিয়ে। পুরুষ, নারী ও শিশু দর্শকদের জন্য নুরফ্লিক্সে বিভিন্ন আয়োজন থাকবে।

নুরফ্লিক্স টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েহ মুহাম্মাদ সংবাদমাধ্যমকে বলেছেন, আগামী পাঁচ বছরে ইসলামবিষয়ক প্রায় এক হাজারের মতো কনটেন্ট তৈরি করা হবে।

এ বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নুরফ্লিক্সের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে। আগামী বছরের জানুয়ারিতে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রথম তিন মাস বিনামূল্যে সবাই তা দেখতে পাবে। তবে আগ্রহী দর্শকদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত