গোপালগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিপন মোল্লা (১৫) নামে এক মোটরসাইকেল আরহী নিহত ও তার মামা আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহত মিরাজ সিকদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত রিপন মোল্লা নড়াইল জেলার মন্টু মোল্লার ছেলে। তিনি কিছুদিন আগে মামা বাড়ি কোটালীপাড়ায় উপজেলার ঘাঘরকান্দা গ্রামে বেড়াতে এসেছিলেন।
উদ্ধারকর্মী ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, রিপন ও তার মামা মিরাজ সিকদার পারিবারিক কাজে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ জেলা শহরে এসেছিলেন। কাজ সেরে রাতে কোটালীপাড়া ফেরার পথে ঘটনাস্থলে কোটালীপাড়া অভিমুখী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল চালক মামা মিরাজ সিকদার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।
এ সময় রিপন ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়। রিপনের মাথা থেঁতলে ঘটনাস্থলে নিহত হয়। পরে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, রাতেই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত মিরাজ সিকদারকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
