সাভারে জেএমবির সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৪:৩৪ পিএম

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভারের ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে বেশকিছু উগ্রবাদী বই, লিফলেট, সাময়িকী ও ডিজিটাল কনটেন্টসহ মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জেএমবি’র সদস্যরা হল- রাজশাহী জেলার ওমর ফারুক রুবেল ওরফে সানী (২৮), জামালপুর জেলার হাবিবুর রহমান ওরফে বাদশা (৪৮), একই জেলার সাইদুর রহমান ওরফে সাইদুর (৫৫), মাহবুবুর রহমান ওরফে দুদু (৫৫), শফিকুল ইসলাম শফিক (৩৭) ও গোলাম মোস্তফা (৫১)। 

র‌্যাব জানায়, কিছু জেএমবি সদস্য সাভারের বাড্ডা এলাকায় সংঘবদ্ধ হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় ৬ সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে বেশকিছু উগ্রবাদী বই, লিফলেট, সাময়িকী ও ডিজিটাল কনটেন্ট, মোবাইল ও ডিজিটাল কনভারসেশনসহ অপতৎপরতা পরিচালনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষক ওমর ফারুক একজন শীর্ষস্থানীয় জেএমবি নেতার কাছ থেকে বিভিন্ন এনক্রিপটেড সফটওয়্যার ও মোবাইল অ্যাপস সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন। যার মাধ্যমে সংগঠনের প্রয়োজনে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হত। তার ব্যবহৃত মোবাইল থেকে বিভিন্ন উগ্রবাদি ডিজিটাল কন্টেন্ট পাওয়া গেছে।

এছাড়া গ্রেপ্তার মোস্তফা ২০০৪ সালে জেএমবি কর্তৃক জামালপুরে মুসলিম হতে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত আলোচিত গনি গোমেজ হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হাবিবুর রহমান জামালপুর সদর থানার ঘোড়াধাপ এলাকায় গত ১০ বছর যাবৎ জিএমবিকে নের্তৃত্ব দিচ্ছে। সে ও তার সহযোগীরা গোপনে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃত সাইদুর রহমান জেএমবিকে আরো শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও অসচ্ছল সদস্যদের মনোবল ধরে রাখতে সে বিভিন্ন সময় আর্থিক সহায়তা করে থাকেন। আর মাহবুবুর রহমান জেএমবি সদস্যদের মাঝে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন বই, ম্যাগাজিন নিয়মিত গোপনে বিতরন করে থাকেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহিদীন বাংলাদেশের সদস্য বলে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি তারা এখানে নাশকতা করতে এসেছিলো কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত