মার্কিন বাহিনীর হামলায় জেনারেল কাসেম সুলেইমানির হত্যাকাণ্ডের পর এই প্রথম ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ ইরাক সফরে গেলেন।
আলজাজিরা জানায়, রবিবার বাগদাদ সফরে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের সঙ্গে বৈঠকে মিলিত হন জাভাদ জারিফ। দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক উন্নয়নের জন্য স্থিতিশীল ইরাকের প্রয়োজনীয়তার প্রতি জোর দেন দুই নেতা।
জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছিলেন ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি।
একই হামলায় প্রাণ হারান ইরাকের পার্লামেন্টারি বাহিনীর ডেপুটি চিফ আবু মেহদি আল মুহান্দিসও। এই ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছিল।
সোলেইমানি হত্যার ছয় মাস পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইরাকে এই সফর।
যৌথ সাংবাদিক সম্মেলনে দুই পররাষ্ট্রমন্ত্রী জানান, একটি স্থিতিশীল এবং শক্তিশালী ইরাক দেখাই দুই দেশের স্বার্থ।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাকের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তি পুরো অঞ্চলের স্থিতিশীলতা। এই জন্য আমরা দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে নেয়ার প্রত্যাশা করছি।
বাগদাদ সফরে ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের স্পিকারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জাভাদ জারিফের।
