সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্তের’ নামে নামকরণে সরকারি প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে বরিশাল বিভাগীয় কমিশনার ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে বাস্তবায়ন কমিটি।
রবিবার দুপুর ১২টার দিকে এসব স্মারকলিপি তুলে দেওয়া হয়। একই সঙ্গে কলেজের নামকরণ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছেও পৃথক স্মারকলিপি দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, অবিভক্ত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বাংলাদেশের তথা বরিশালের কৃতী সন্তান মহাত্মা অশ্বিনী কুমার দত্ত। তার নামে বরিশাল সরকারি কলেজের নামকরণের দাবিতে কয়েক যুগ ধরে বরিশালের সর্বস্তরের মানুষ আন্দোলন করে আসছে।
এরই ধারাবাহিকতায় নাম পরিবর্তনের গেজেট নোটিফিকেশন আকারে জারি হওয়ার কাজ অনেকটাই এগিয়ে গেছে। এটা বরিশালবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির স্বীকৃতিও বটে। তাই অবিলম্বে এ প্রস্তাবনা বাস্তবায়ন হওয়া উচিত।
