আজ থেকে পরীক্ষার নমুনা দিতে পারবেন বিদেশগামীরা

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৬:২৯ এএম

দেশের বিদেশগামী যেসব নাগরিক করোনা পরীক্ষা করাতে চান, আজ সোমবার থেকে তাদের নমুনা নেবে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটে অবস্থিত অস্থায়ী কভিড-১৯ আইসোলেশন কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হবে।

গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটিন যুগ্ম সদস্য সচিব ও মেডিকেল অফিসার ডা. মোস্তফা মঈন উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বাইরে ১৩টি জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনদের তত্ত্বাবধানে একই তারিখ থেকে নমুনা সংগ্রহ করা হবে। স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে। যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে, সেগুলো হলো- বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে। নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও টিকিটের ফটোকপি জমা দিতে হবে এবং মূল পাসপোর্ট ও টিকিট দেখাতে হবে। নমুনা সংগ্রহ কেন্দ্রে এসে নমুনা দেওয়ার জন্য পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩৫০০ টাকা জমা দিতে হবে। সংগৃহীত নমুনা সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত