অক্সফোর্ডের টিকা কতটা কার্যকর জানা যাবে আজ

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৭:১৩ এএম

করোনাভাইরাসের সম্ভাব্য টিকা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত টিকা ক্যান্ডিডেট। বিভিন্ন সংবাদমাধ্যমে গবেষণায় নিয়োজিত বিজ্ঞানীরা আশার কথা শুনিয়েছেন। এখন পর্যন্ত টিকাটির মানবদেহে প্রথম দুটি ধাপের পরীক্ষার বৈজ্ঞানিক ও বিস্তারিত ফল জানা যায়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আজ আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত হবে প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের বিস্তারিত প্রতিবেদন। অক্সফোর্ডের টিকার ট্রায়াল শুরু হয়েছিল গত এপ্রিল থেকেই। প্রথম দুজনের শরীরে ইনজেক্ট করা হয়েছিল টিকা। তাদের মধ্যে একজন নারীবিজ্ঞানী এলিসা গ্রানাটো। তারপর প্রথম পর্যায়ে স্বল্পসংখ্যক মানুষের শরীরে পরীক্ষা করা হয়। দ্বিতীয় পর্যায়ে এক হাজারের বেশি স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয়। এই দুই পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট ইতিবাচক বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্টের ওপর ভিত্তি করেই তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালাচ্ছিল অক্সফোর্ড। এই পর্যায়ের ট্রায়ালেও টিকার প্রভাব সন্তোষজনক বলেই দাবি করা হয়েছে। যদিও টিকার ডোজ বা ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট সামনে আনা হয়নি। টিকাটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলার সময়েই ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাতে এই ট্রায়াল শুরু হয়। ব্রাজিলে করোনার হটস্পট সাও পাওলো ও রিও ডি জেনিরোতে তিন হাজার মানুষকে টিকা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত