পাবনার চাটমোহরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম কল্পনা রানী পাল (৪০)। তিনি উপজেলার হরিপুর মৃধাপাড়া গ্রামের নিরঞ্জন পাল ওরফে নিরু স্ত্রী।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় স্বামী নিরঞ্জন পাল নিরু বাড়িতে ছিলেন না। তিনি চায়ের দোকানদার। হরিপুর বাজারে তার দোকান বন্ধ করে রাত সাড়ে এগারোটার পর বাড়ি ফিরে ঘরে তার স্ত্রীর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কারা, কি কারণে ওই গৃহবধূকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নিহত গৃহবধূর দুই ছেলে রয়েছে। তবে তারা বাড়িতে থাকেন না।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সোমবার সকালে মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
