মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনায় অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ বেশকিছু অভিযোগে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) আরও তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকাল ১০টা থেকে শুরু করে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ওই তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন সিএমএসডির সিনিয়র স্টোরকিপার ইউসুফ ফকির, উপপরিচালক ও পিঅ্যান্ডসি ডা. জাকির হোসেন এবং সাবেক মেডিকেল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হক। গতকাল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সিএমএসডির এ তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে থাকা অনুসন্ধান দল।
সিএমএসডি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদক সচিব দিলওয়ার বখত বলেন, ‘তিন কর্মকর্তা দুদকে এসেছিলেন। তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এখন তদন্ত কর্মকর্তারা সেটা খতিয়ে দেখবেন।’
এর আগে গত রবিবার সিএমএসডির সাবেক সহকারী পরিচালক (মজুদ ও বিতরণ) ও বর্তমানে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শাহজাহান, সাবেক ডেস্ক অফিসার-৮ ও স্টোরের অতিরিক্ত দায়িত্বরত ডা. সাব্বির আহম্মেদ এবং স্টোর অফিসার কবির আহম্মেদকে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ১২ জুলাই দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এক নোটিসে সিএমএসডির ছয় কর্মকর্তাকে কমিশনে তলব করা হয়।
