সরকারের নগদ আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তার তালিকায় নিজের পরিবার-পরিজনের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম সাময়িক বরখাস্ত হয়েছেন।
তালিকায় অনিয়মের অভিযোগ এনে মহিলা কাউন্সিলর রোকেয়া খাতুনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সম্প্রতি অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়েছে বলে মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, নবীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা. রোকেয়া খাতুন করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র/নিম্ন আয়ের মানুষের মধ্যে আড়াই হাজার টাকা করে প্রদান সংক্রান্ত তালিকায় তিনি নিজের স্বামী, মেয়ে, আপন দুই ভাবি, আপন ভাতিজি এবং আপন ভাইয়ের নাম অন্তর্ভুক্ত করেছেন। যা তদন্তে প্রমাণিত হয়েছে।
এরূপ অপরাধমূলক কর্মকান্ড পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। তাই স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে মহিলা কাউন্সিলের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
