চট্টগ্রামে অস্ত্রসহ আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয়ে নগরীর আকবরশাহ থানার একে খান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- জসীম উদ্দীন প্রকাশ মালু (২৮) ও তারাজুল (২৪)।
নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে একে খান এলাকায় অভিযান চালিয়ে একটি দেশি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও চাকুসহ জসীম ও তারাজুলকে গ্রেপ্তার করা হয়। তারা চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী ও বগুড়াসহ বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
জানা যায়, জসীমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও চুরিসহ ৯টি মামলা এবং তারাজুলের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জসীম ও তারাজুল জানিয়েছেন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নগরীর বিভিন্ন খামারে রাখা পশু চুরির উদ্দেশ্যে তারা চট্টগ্রাম শহরে এসেছেন। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
