প্রতারণার অভিযোগে জহিরুল ইসলাম অমিত গ্রেপ্তার

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৬:১২ এএম

বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে জহিরুল ইসলাম অমিত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাজধানীর উত্তরাপূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল তাকে আদালতে পাঠানো হলে এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন রাজধানীর উত্তরা থানায় একটি মামলা করেন। অমিত কথিত ‘জাইয়ানা অ্যাটারিজ লিমিটেড নামে একটি গার্মেন্টসের চেয়ারম্যান পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

মামলার এজাহারে বলা হয়, গত বছর ৫ এপ্রিল থেকে ৩ নভেম্বরের মধ্যে এইচডিএফ অ্যাপারেলসের প্রধান নির্বাহী থাকার সময়ে বিভিন্ন প্রতারণার মাধ্যমে ২ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করে সৈয়দ জহিরুল ইসলাম অমিত। ওই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাকালে প্রায় ২৫ কোটি টাকার মতো প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে আত্মসাৎ করে বলে অভিযোগ করা হয়। অমিতের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামের মসজিদ জাম গ্রামে। সে রাজধানীর উত্তরার ১৩নং সেক্টরে বাস করত।

অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে সে প্রতারণার আশ্রয় নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ইন্ডিটেক্স নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করার সময় অনৈতিক কর্মকা-ের জন্য আমিতকে সেখান থেকে বাধ্যতামূলক চাকরিচ্যুত করা হয়। এরপর বেক্সিমকোতে চাকরি নিলেও তার প্রতারণামূলক কর্মকা- সামনে চলে এলে সেখান থেকেও চাকরি হারায় সে। অবশেষে এইচডিএফের প্রধান নির্বাহীর দায়িত্ব পেয়ে সেখান থেকেও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে প্রমাণসহ মামলা করেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।

জানা যায়, প্রতারণার টাকা ভাগবাটোয়ারা নিয়ে অমিত ও তার ভাইয়ের মধ্যে বিরোধ হয়। তারই জের ধরে অমিত বিভিন্ন সময়ে নিজের ভাই অসিম এবং এইচডিএফের মহাব্যবস্থাপক আনোয়ার হোসেনকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে অমিতের বিরুদ্ধে তার ভাই অসিম সাধারণ ডায়রিও করেন।

উত্তরা থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল বলেন, জিজ্ঞাসাবাদের জন্য অমিতকে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত