কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বামী কুপিয়ে হত্যা করেছেন স্ত্রীকে। সাতক্ষীরার কলারোয়ায় কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গাজীপুরে তুরাগ নদ থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
কিশোরগঞ্জ : পাকুন্দিয়ায় প্রবাসফেরত স্বামীর হাতে মাহফুজা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের দগদগা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে গেছেন স্বামী আবু বকর সিদ্দিক।
সাতক্ষীরা : কলারোয়ায় গোলাম কুদ্দুস (৪৭) ওরফে বোম্বে কুদ্দুস নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের একটি মোড়ে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে প্রতিপক্ষ তাকে পিটিয়ে আহত করলে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পরে গত মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে কলারোয়া হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
গাজীপুর : তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর গতকাল মঙ্গলবার দুপুরে স্কুলছাত্র শাকিব হোসেনের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিখোঁজ দুই ছাত্রেরই মরদেহ উদ্ধার হয়েছে।
