ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।
বুধবার সকালে নগরীর রাজবাড়ী মাঠ সংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, ‘কমপক্ষে ঈদের এক সপ্তাহ আগে শ্রমিকদের বেতন ও বোনাসসহ বকেয়া পরিশোধ করতে হবে। সেই সঙ্গে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে অবৈধভাবে যে শ্রমিক ছাঁটাই হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে দেশের সব পাটকল বন্ধ করা এক দিকে যেমন গণবিরোধী, সেই সঙ্গে হাজার হাজার শ্রমিককে বেকার করাও অনৈতিক কাজ।’
বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সৈয়দ আবদুল জলিলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট গাজীপুর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাজীপুর জেলার সদস্য সচিব কমরেড আল-আমিন হাওলাদার শ্রাবণ, মুক্ত গার্মেণ্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, জাতীয় শ্রমিক জোট গাজীপুর জেলার সভাপতি সুমী আক্তার প্রমুখ বক্তব্য দেন।
