কিশোরগঞ্জে খাল ও মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থান দখল করে মাদ্রাসার ভবন নির্মাণের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে শতাধিক এলাকাবাসী এ স্মারকলিপি দেয়।
এর আগে গত সোমবার দুপুরে তারা কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বিন্নাটি চৌরাস্তা মোড়ে এর প্রতিবাদে মানববন্ধন ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
স্থানীয়রা জানায়, দুই সপ্তাহ ধরে ‘বিন্নাটি খোরশেদ উদ্দিন ভূঞা দাখিল মাদ্রাসা’র জন্য সরকারি খাল ও এক মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থান দখল করে ভবন নির্মাণ চলছে। এতে এলাকায় চরম জলাবদ্ধতা দেখা দেয়। এছাড়া মুক্তিযোদ্ধার কবরস্থানের ওপর ভবন নির্মাণ করায় এলাকার মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এবং মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করলেও কোনো ফল হয়নি।
এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা খাল ও গোরস্তান দখলমুক্ত না হলে কঠিন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
