প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে মাস্ক পরার প্রতিই শুরু থেকে গুরুত্ব দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে অনেক দেশেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
জেল বা জরিমানা শাস্তি রেখে মাস্ক পরার আইন করা হয়েছে সেসব দেশে। তবে উত্তর কোরিয়ায় এই আইন অমান্য করলে পেতে হবে অভিনব শাস্তি।
রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, দেশটির কোনো নাগরিক মাস্ক পরা ছাড়া বাইরে ধরা পড়লে শাস্তিস্বরূপ তিন মাসের জন্য কঠোর পরিশ্রম করতে হবে তাদের।
করোনা সংক্রমণ রোধে সতর্কতাবশত কিম প্রশাসনের পক্ষ থেকে মাস্ক না পরার শাস্তি হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশটির জনগণ সরকারের নিয়ম মেনে মাস্ক পরছেন কিনা তা দেখার জন্য শিক্ষার্থীদের কাজে লাগাচ্ছে কিম প্রশাসন ।
কিম প্রশাসনের এক কর্মকর্তা বলেন, যারা মাস্ক পরবেন না তাদেরকে শাস্তি দেয়া হবে। আপনি যেই হন না কেন শাস্তি পেতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রাদেশিক শহর এবং রাজধানী পিংইয়ংয়ে পুলিশের পাশাপাশি স্কুল, কলেজের শিক্ষার্থীরাও এই ব্যাপারটি নিয়ে তদারকি করছে।
যদিও দেশটিতে এখনো কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে দাবি করেছে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ।
তবে আন্তর্জাতিক মহলের অভিযোগ, করোনা নিয়ে তথ্য গোপন করছে দেশটি। এ ছাড়া আন্তর্জাতিক যোগাযোগ থেকে অনেকটা বিচ্ছিন্ন দেশটির খবরাখবরও সহজে জানা যায় না।
