সাভারে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ এবং ধামরাইয়ে নিখোঁজের দুই দিন পর এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সাভার পৌর এলাকার শাহিবাগ ও বুধবার রাতে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের শাইলবাড়ি এলাকার একটি ধানখেত থেকে নিহতদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
থানা-পুলিশ জানায়, সকালে সাভার পৌর এলাকার শাহিবাগ মহল্লায় নিজ ভাড়া বাড়িতে ঘরের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুক্তা পারভিন (১৮) নামে এক গৃহবধূর লাশ দেখতে পায় প্রতিবেশীরা। বিষয়টি সাভার মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন বলেন, কীভাবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় স্থানীয়রা অভিযোগ করেন, নিহত ওই গৃহবধূকে তার স্বামী হত্যা করে লাশটি জানালার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।
অন্যদিকে ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া শাইলবাড়ি এলাকা থেকে নিখোঁজের ২ দিন পর অটোরিকশা চালক আবদুর রহমানের (২৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ভাড়ারিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এর শাইলবাড়ি এলাকার একটি খেত থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ধামরাই থানা-পুলিশ।
নিহত আবদুর রহমান ধামরাই সদর ইউনিয়নের শরিফবাগ গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এক যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলা দায়েরে করে মরদেহটির ময়না তদন্তর জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
