আশুলিয়ায় ২ গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৮:৫৯ পিএম

সাভারের আশুলিয়ায় গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে দুই ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ধামরাই উপজেলার বাথুলি এলাকার আমজাদ হোসেন ও একই এলাকার মো. আবু সাঈদ।

আহত আমজাদ জানান, আশুলিয়ার হাটে গরু বিক্রির পর নিজেদের প্রাইভেট কারে বাড়ির উদ্দেশে রওনা দেন। মহাসড়কে যানজট থাকায় টঙ্গাবাড়ির ভেতরে একটি শাখা সড়কে দিয়ে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর সড়কের ওপর বাঁশ বাঁধা দেখে প্রাইভেট কার থামান। গাড়ি থামাতেই সড়কের দুপাশ থেকে সাত-আটজন যুবক এসে গস্নাস ভেঙে ফেলে। পরে রড দিয়ে পিটিয়ে তার সঙ্গে থাকা ৮ লাখ ২০ হাজার ও আবু সাঈদকে কুপিয়ে ব্যাগে থাকা ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা তাদের পকেটে থাকা আরও কিছু টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তারা প্রাইভেট কারের চালককেও মারধর করে।

ছিনতাইয়ের ঘটনা শুনেছেন জানিয়ে আশুলিয়া থানার ওসি রিজাউল হক দীপু বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের ধরতে এরই মধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত