সিলেটে তালাবদ্ধ ঘরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৯:৪০ পিএম

সিলেটের দক্ষিণ সুরমায় তালাবদ্ধ ঘর থেকে নিজাম উদ্দিন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মোমিনখলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তার স্ত্রী জেনি বেগম (৩০) পলাতক রয়েছেন। নিজাম উদ্দিন সিলেট নগরীর কালিঘাটের বাসিন্দা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোমিনখলার হারুন মিয়ার বাসায় ভাড়া থাকতেন তিনি। 

প্রতিবেশীদের বরাত দিয়ে দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন জানান, গত বুধবার রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে বাসায়ই ছিলেন নিজাম উদ্দিন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘরটি তালাবদ্ধ দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে নিজামের লাশ পড়ে থাকতে দেখে। নিজামের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তার পুরুষাঙ্গও কাটা। ঘটনাস্থল থেকে একটি দা জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকেই নিজামের স্ত্রী-সন্তানদের খোঁজ পাওয়া যায়নি। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও নিহতের স্ত্রী-সন্তানদের খোঁজে মাঠে নেমেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত