দৌলতদিয়া ঘাটে পশুবাহী ট্রাকের চাপ

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৬:১০ পিএম

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে দক্ষিণ-পাশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে ঢাকাসহ সারা দেশে পশু পরিবহন শুরু হয়েছে। এসব পশুবাহী ট্রাকগুলো নদী পারি দিতে দেশের ব্যস্ততম দৌলতদিয়া ঘাটে ভিড় জমিয়েছে।

এদিকে তীব্র স্রোতের কারণে বেশ কয়েকদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। ফলে নদী পার হওয়ার অপেক্ষায় থাকা পশুবাহী ট্রাকের সারিও দীর্ঘ হচ্ছে।

শুক্রবার সকাল থেকে দক্ষিনাঞ্চল থেকে ঢাকামুখী চাপ বেড়ে যাওয়ায় অগ্রাধীকার ভিত্তিতে আলাদা একটি লেন দিয়ে কোরবানির পশুবাহী ট্রাকগুলোকে ফেরি ঘাটে আসতে সহযোগিতা করছে কর্তৃপক্ষ। অপরদিকে অন্যান্য পণ্যবাহী ট্রাকগুলোকে ঘাটে আটকে থাকতে হচ্ছে দুই থেকে তিন দিন পর্যন্ত। এদিন বিকেল পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় আটকে ছিল অন্তত তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এই নৌরুটে বর্তমানে ১৩ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আরও একটি ফেরি যোগ হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরিগুলো ঘাটে আসতে সময় লাগছে দ্বিগুণ। যে কারণে ঘাট এলাকায় যানবাহনের চাপ তৈরি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত