পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপারের অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। নদীতে তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে এ অবস্থা।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশপথ পাটুরিয়া-দৌলতদিয়ায় কয়েক সপ্তাহ ধরেই এ অচলাবস্থা। ফেরি সংকট এবং যমুনা ও পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোত ও ঈদের কারণে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় এ নাকাল অবস্থা তৈরি হয়েছে।
একটি কুরিয়ার সার্ভিসের পরিবহনচালক জসিম বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে পাটুরিয়া এলাকায় এসে পৌঁছেছি। এখন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা বাজে টিকিটই পাইনি। যশোরগামী ট্রাকচালক মান্নান বলেন, তিন দিন হলো পাটুরিয়ায় এসেছি, কিন্তু এখনো ফেরিতে উঠতে পারিনি।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া টার্মিনালে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষামাণ। ১৬টি ফেরির মধ্যে ১২টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল স্বাভাবিক সময়ের চেয়ে বেশি লাগছে।
অন্যদিকে, কোরবানি উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে ঢাকাসহ সারা দেশে পশু পরিবহন শুরু হওয়ায় দৌলতদিয়া ঘাটে বেড়েছে ট্রাকের চাপ। তবে পশুবাহী ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে আলাদা লেনে ফেরি ঘাটে নেওয়া হচ্ছে। অন্য পণ্যবাহী ট্রাকগুলোকে ঘাটে আটকে থাকতে হচ্ছে দুই থেকে তিন দিন পর্যন্ত। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় আটকে ছিল অন্তত তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
