কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তৃতীয় বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপন করেছে মার্কেটিং বিভাগ। ‘লড়াই করার সাহস’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার সকাল ১০টায় এক ওয়েবিনারে (অনলাইনে) মার্কেটিং ডে উদযাপন করা হয়।
মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ৩য় বাংলাদেশ মার্কেটিং ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের আহ্বায়ক ড. মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় এবং মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এ সময় অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, সব বিভাগের শিক্ষার্থীদের মার্কেটিং বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত। করোনাকালীন সময়ে প্রথম সারির যোদ্ধাদের কাছে প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেওয়া এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যার পুরোটাই পালন করছে মার্কেটিং খাত। এ সময় উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস ইনোভেশন অ্যান্ড টেকনোপ্রিনিয়রশিপ ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসিআই কনজুমার ব্র্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. মিজানুর রহমান প্রমুখ।
