দিনে ৫ বার এ কাজটি করলে দূর হবে করোনা!

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১০:৫৫ এএম

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের পেছনে ছুঁটেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। বসে নেই ভারতও। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ভ্যাকসিন তৈরিতে। তবে ভ্যাকসিন ছাড়াও অদ্ভূত সব কায়দায় করোনা তাড়ানোর চেষ্টা হচ্ছে দেশটিতে।

পতঞ্জলি তো করোনার প্রতিষেধক করোনিল বাজারে এনেই ফেলেছিল। কেন্দ্রীয় এক মন্ত্রী আবার দাবি করেছেন, ভাবিজি পাঁপড় খেলে বিদায় নেবে করোনা।

আরেক কেন্দ্রীয় মন্ত্রী রীতিমতো কর্মী-সমর্থকদের নিয়ে মুম্বাইয়ের রাস্তায় নেমে ‘গো করোনা গো স্লোগান’ তুলেছিলেন। যদিও শহরটি এখন সবচেয়ে করোনা সংক্রমিত।

এনডিটিভি জানায়, করোনা তাড়ানোর এই উদ্যোগে এবার নয়া সংযোজন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। শনিবার তিনি বলেছেন, ‘আজ থেকে ৫ আগস্ট পর্যন্ত দিনে পাঁচবার হনুমান চল্লিশা পড়ুন, তাহলে করোনা দূর হয়ে যাবে।’

প্রসঙ্গত, ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমি পূজা। সেই উপলক্ষে এখন প্রস্তুতি তুঙ্গে।

এই বিজেপি সাংসদের আহ্বান, ‘আসুন মানুষের নিরোগ শরীর কামনায় প্রার্থনা করি। আজ ২৫ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সন্ধ্যা ৭টায় দিনে পাঁচবার হনুমান চল্লিশা পড়ি। আর ৫ আগস্ট প্রতি ঘরে প্রদীপ জ্বালিয়ে রামলালাকে স্মরণ করি।’

প্রজ্ঞা ঠাকুর টুইটে বলেন, ‘মধ্যপ্রদেশের বিজেপি সরকার সংক্রমণ ঠেকাতে উদ্যোগী। ৪ আগস্ট পর্যন্ত লকডাউন বলবৎ রয়েছে। যদি গোটা দেশের হিন্দুরা একস্বরে হনুমান চল্লিশা পড়েন তবে করোনা দূর হবেই। এটা ভগবান রামের নিজের প্রার্থনা।’

উল্লেখ্য, প্রায় ১৪ লাখ করোনা রোগী নিয়ে শনাক্তের হিসাবে ভারত এখন বিশ্বে তৃতীয়। আর মৃতের হিসাবে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত