সাহেদকে আরও ৪০ দিন রিমান্ডে দেওয়ার আবেদন

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১২:৩৩ পিএম

করোনা পরীক্ষায় জালিয়াতিসহ প্রতারণার চার মামলায় ১০ দিন করে ৪০ দিন রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের রিমান্ড আবেদন করা হয়েছে।

রবিবার ১০ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করা হয়।

জানা গেছে, উত্তরা পশ্চিম থানার মামলায় ১০ দিনের রিমান্ড শেষে সাহেদকে আদালতে নিয়ে আসা হয়। নতুন করে এই মামলাসহ চার মামলায় তার ৪০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ সংক্রান্ত পিটিশন জমা দেওয়া হয়েছে।আদালত নির্ধারিত হলে এ বিষয়ে শুনানি হবে।

গত ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের ইছামতি নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি।

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গত ৬ ও ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতাল এবং রিজেন্ট গ্রুপের প্রধান দপ্তরে র‌্যাবের অভিযানের পর থেকে তিনি লাপাত্তা ছিলেন। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অনেকগুলো মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত