সাভারে মরা গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার দায়ে চারজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে ওই চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেন (৩৫), কসাই ফজলুক হক (৪৫), তাদের সহকারী আসলাম (৩৫) ও আবু তাহের (৩৫)।
আবদুল্লাহ আল মাহফুজ জানান, শনিবার রাতে মানিকগঞ্জের পাটুরিয়ার এক গরু ব্যবসায়ী বেশ কয়েকটি গরু বিক্রি করার জন্য সাভারে নিয়ে আসেন। পরে পিকআপ ভ্যানে একটি গরু মারা যায়। এরপর রবিবার ভোরে চালক মৃত গরুটি আমিনবাজারে নিয়ে স্থানীয় কসাই ফজলুক হকের সাহায্যে জবাই করে স্থানীয়দের মাঝে মাংস বিক্রি করার জন্য উদ্যোগ নেন। এসময় সন্দেহ হলে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাই করা মৃত গরুসহ চারজনকে আটকের পর সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজের আদালতে হাজির করে।
আদালত শুনানি শেষে পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেনকে ১৫ দিন, কসাই ফজলুক হককে তিন দিন, তাদের সহকারী আসলামকে ১৫ দিন ও আবু তাহেরকে তিন দিনের কারাদণ্ডাদেশ দেন। পরে পুলিশ তাদের জেলহাজতে পাঠায়। এ ঘটনায় এলাকাবাসী এসব অসাধু ব্যবসায় জড়িতদের সর্বোচ্চ শািস্ত দাবি করেছেন।
