চট্টগ্রাম বন্দর জেটিতে কন্টেইনার খালাসের সময় ব্রেক ফেল করেছে পানামার পতাকাবাহী জাহাজের একটি ক্রেন। এর ফলে ওই জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। রবিবার সন্ধ্যায় বন্দরের জেনারেল কার্গো বার্থে (জিসিবি) এ দুর্ঘটনা ঘটে।
বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান ফজলে ইকরাম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ওইএএল স্ট্রেইস জাহাজ থেকে কন্টেইনার নামানোর সময় একটি ক্রেনের হাইড্রোলিক পাইপ ফেটে যায়। এতে ক্রেনটি ব্রেক ফেল করলে ক্রেনের সাথে থাকা একটি কন্টেইনার এর সঙ্গে ঝুলে যায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, ক্রেন বিকল হয়ে কন্টেইনার আটকে যাওয়ায় ওই জাহাজ থেকে পণ্য খালাস আপাতত বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দর বিকল্প ক্রেন দিয়ে বিকল ক্রেনের সঙ্গে আটকে থাকা কন্টেইনারটি নামানোর ব্যবস্থা নিচ্ছে।
বন্দর সূত্র জানায়, পানামা পতাকাবাহী ১৮৪ মিটার দীর্ঘ ওইএল স্ট্রেইস জাহাজটি কলম্বো থেকে ৪৮৩ বক্স কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। রবিবার জোয়ারের সময় এটি বন্দরের জিসিবি জেটিতে বার্থিং দেওয়া হয়। কিন্তু কন্টেইনার নামানোর শুরুতেই ক্রেন দুর্ঘটনা ঘটলে জাহাজটি থেকে কন্টেইনার নামানো বন্ধ হয়ে যায়।
