দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তে দীর্ঘ হচ্ছে ট্রাকের সারি। সোমবার সকাল থেকে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে যাত্রীবাহী ও ব্যক্তিগত যানবাহনের তেমন কোনো চাপ নেই বলে জানিয়েছে বিআইডব্লিটিসি।
তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এই নৌরুটে।
গত কয়েদনি ধরেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। চালক ও বিআইডিব্লিটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন ধরে মাঝে মাঝে মাওয়া ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকে, ঈদের আগে পণ্যবাহী ট্রাক বন্ধ করে দেবার আশঙ্কা, পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি সংকট, নদীতে তীব্র স্রোতসহ ফেরি সংকটের কারণে যানবাহন পারাপারে ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় এ নৌরুটে যানজট লেগেই রয়েছে।
সোমবার সকালেও পাটুরিয়া দুই টার্মিনালসহ শত শত পণ্যবাহী ট্রাককে ফেরি পারাপারের অপেক্ষা করতে হচ্ছে। পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে ৩-৫ ঘণ্টা অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে। এতে প্রতিদিন শত শত যানবাহন শ্রমিকদের সীমাহীন দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ১৬টি ফেরির মধ্যে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং ৫০টি যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
