করোনাভাইরাস মোকাবিলায় রীতিমতো হিমশিম খাচ্ছে লাতিন আমেরিকার দেশগুলো। এই মহামারির কারণে দেশগুলোতে বেকারত্ব ও ঋণ নির্ভরতার ফলে দারিদ্র্যের মাত্রা অনেক বেড়ে যাবে বলে জানিয়েছেন ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক-আইএডিবি’র প্রেসিডেন্ট লুইস আলবার্তো মোরেনো।
মহামারি পরবর্তী লাতিন আমেরিকা আরও গরিব হয়ে পড়বে বলে মরেনোর পূর্বাভাস। তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েক বছর ধরে লাতিন আমেরিকার দেশগুলোর অর্থনীতি নিম্নমুখী। করোনাভাইরাস ও লকডাউনজাতীয় বিধিনিষেধের ফলে ২০২০ সালে এই অঞ্চলের অর্থনীতি ৮ থেকে ১০ শতাংশ সংকুচিত হবে।
করোনার কারণে বিশ্ব অর্থনীতিই হোঁচট খেলেও লাতিন আমেরিকায় ধাক্কাটা বেশি লাগবে বলে মনে করেন আইএডিবি’র প্রধান- “এই মহামারি কেবল লাতিন আমেরিকাকেই গরিব করবে নাম, সার্বিকভাবে গোটা বিশ্বতেই প্রভাব পড়বে। তবে পরিষ্কারভাবে লাতিন আমেরিকা বেশি ধাক্কা খাবে। কারণ অর্থনীতিতে আমরা উদীয়মান অঞ্চলে।”
আইএডিবি লাতিন আমেরিকার দেশগুলোতে সবচেয়ে বেশি ঋণ দেওয়া প্রতিষ্ঠান। মোরেনো জানালেন চলতি বছর এরই মধ্যে তারা ২ হাজার ডলার ঋণ দিয়ে ফেলেছেন। এর মধ্যে সরকারগুলোকে দেড় হাজার ডলারই দেওয়া হয়েছে স্বাস্থ্য কাঠামো জোরদার করার জন্য।
