বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৭:৫৯ পিএম

গাজীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে একটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে এক ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

বুধবার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের সালনা ইপসা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, সালনা এলাকার অক্সফোর্ড ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের বুধবার বেতন-বোনাস পরিশোধের কথা ছিল। কর্তৃপক্ষ বৃহস্পতিবার দেওয়ার কথা বললে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বুধবার দুপুরের পর বেতন-বোনাস পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে বেলা ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত