স্থপতি লুই আই কানের মূল নকশা অনুযায়ী জাতীয় সংসদ ভবনের সংস্কারের বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল বুধবার ‘জাতীয় সংসদ ভবনে স্থাপত্য সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা’ শীর্ষক এক ভার্চুয়াল সভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।
সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী আকর্ষণীয় ও দৃষ্টিনন্দিত। সংসদ ভবনের সার্বিক রক্ষণাবেক্ষণ, সংস্কারের ক্ষেত্রে অধিক যতœশীল হতে হবে। এক্ষেত্রে লুই আই কানের মূল নকশা অনুসরণ করতে হবে। সংসদ ভবনকে লুই আই কানের মূল নকশা অনুযায়ী সাজানোর বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে তার দিকনির্দেশনা অনুযায়ী সংসদের সংস্কারকাজ সম্পন্ন হবে।’
এছাড়া সংসদের উত্তর প্লাজায় বিভিন্ন উইংয়ের অফিস কক্ষ, লবির আকার, কর্মকর্তাদের অফিসে প্রবেশের জন্য অটোমেটিক সেন্সর ডোর, অফিসারদের আগমন ও প্রস্থানের রাস্তার সঙ্গে প্রধানমন্ত্রীর আগমন ও প্রস্থানের রাস্তার নিরাপত্তা, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়েও সভায় আলোচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার, গৃহায়ন ও গণপূর্তের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলমও সভায় মতামত দেন।
এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্বাহী আর্কিটেক্ট সাঈকা বিনতে আলম সংসদের উত্তর প্লাজায় স্ট্যান্ডিং কমিটির সভাপতিদের অফিস কক্ষ, কনফারেন্স রুম ও বিভিন্ন উইংয়ের অফিস সর্বোপরি জাতীয় সংসদ ভবনের স্থাপত্য সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
