সীমিত পরিসরে শুরু হজের আনুষ্ঠানিকতা

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০৭:৪৪ এএম

সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই কার্যক্রম শুরু করেন হাজিরা। তবে করোনা পরিস্থিতির ফলে অন্যান্য বারের চেয়ে এবার খুবই সীমিত পরিসরে হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার। গত বছর যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালন করেছিলেন, সেখানে এবার এ সুযোগ পাচ্ছেন মাত্র ১০ হাজার জন। তাদের সবাই সৌদি আরবে অবস্থানরত। এবার সৌদি আরবের বাইরে থেকে গিয়ে কাউকে হজ করতে দেওয়া হচ্ছে না। তবে যারা সুযোগ পেয়েছেন তাদের মধ্যে দুই-তৃতীয়াংশই দেশটিতে অবস্থানরত প্রবাসী। করোনাভাইরাস থেকে সুরক্ষায় হজের এ সময়টিতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। হাজিদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়েছে। হজ শুরুর আগে দুই ধাপে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আনুষঙ্গিক স্থাপনাগুলো স্বয়ংক্রিয়ভাবে জীবাণুমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। হজের সময় সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে কর্র্তৃপক্ষ। হাজিদের প্রত্যেকের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

হাজিদের জন্য ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফের হাজরে আসওয়াদ নামক কালো পাথরে চুমু দেওয়া ও স্পর্শ করা নিষিদ্ধ করা হয়েছে। সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য জমজমের পবিত্র পানি পানেও থাকছে বিধিনিষেধ। এবার সবার জন্য জমজমের পবিত্র পানি সরবরাহ করা হবে প্লাস্টিকের প্যাকেটে। সেই পানিই পান করতে হবে সবাইকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত