ঢাকার ধামরাইয়ে কালিপদ বর্মণ (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা ও ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল বাসার।
এর আগে বুধবার রাতভর আশুলিয়ার পল্লিবিদ্যুৎ ও গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ি জেলার সদর থানার পাকুরিকান্দা গ্রামের রহমান খাঁর ছেলে বশির আহমেদ (৪০), রংপুর জেলার পীরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৫), সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকার মৃত আবদুল মান্নান ভূঁইয়ার ছেলে বাবু ভূঁইয়া (৩২), পাবনা জেলার বেড়া থানার মালদাহপাড়া গ্রামের আবু বক্করের ছেলে আক্তার হোসেন (২৩) ও মাগুড়া জেলার শ্রীপুর থানার খরিবাড়িয়া গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে ও সাইফুল ইসলাম শাওন (২৪)। গ্রেপ্তারকৃতরা সবাই আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভাড়া থেকে যাত্রীবাহী গাড়িতে করে ডাকাতি করতো।
ডিবি পুলিশ জানায়, গত মঙ্গলবার ভোরে একটি ট্রাকে করে আশুলিয়া থেকে আরিচায় মাছ কিনতে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। তারা ধামরাইয়ের কেলিয়া এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি ডাকাত দল ট্রাকের গতিরোধ করে অস্ত্রের মুখে তাদের সর্বস্ব লুট করার চেষ্টা করে। এতে বাঁধা দিলে ব্যবসায়ীদের ছুরিকাঘাত করে আহত করে ডাকাতরা। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাছ ব্যবসায়ী কালীপদ বর্মণকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া আহত অপর মাছ ব্যবসায়ী তাসিকুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর সিসি টিভি ফুটেজ ও প্রযুক্তি ব্যবহার করে ডাকাতি ও হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাতুড়ি, দুটি লোহার রড, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বলেন, বুধবার রাতে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ ও গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে আসামিরা। তারা গ্রেপ্তার হওয়ার রাতেও আবার ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা এই মহাসড়কে আরও কয়েকটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলেও জানায়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে আশুলিয়া থেকে কয়েকজন মাছ ব্যবসায়ী পিকআপ ভ্যানযোগে আরিচা ঘাটে মাছ কেনার জন্য যাচ্ছিলেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কেলিয়া এলাকায় পৌঁছালে ডাকাতদের ছুরিকাঘাতে মারা যান আশুলিয়ার নয়ারহাটের চাকলগ্রামের রোহিণী বর্মণের ছেলে কালিপদ বর্মণ (৪৫)। এ সময় আহত হন আরও তিন ব্যবসায়ী।
