গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু। দীর্ঘ ২৬ বছর ধরে কারাবন্দি থাকা অবস্থায় ওই কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের নাম হানিফ (৭০)। তিনি নরসিংদীর পলাশ থানাধীন মাঝেরচর এলাকার রহিম উদ্দিনের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোহাম্মদ বাহারুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে অ্যাজমা রোগে অসুস্থ হয়ে কারা হাসপাতালে ভর্তি ছিলেন হানিফ। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হানিফকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে শিবপুর থানায় মামলা নং ০৪(১০)৮৯ ধারা ৩০২ ছিল।
ওই মামলায় ১৯৯২ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
এরপর ১৯৯৩ সাল থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৭ সালের ৮ মে নরসিংদী জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়।
