ক্ষণিকের বৃষ্টিতে সাময়িক স্বস্তি

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০৫:০২ পিএম

রাজধানীতে মঙ্গলবার সকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছে নগরবাসী। টানা কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর কিছু সময়ের বৃষ্টিতে প্রশান্তি নেমে আসে নগরীতে। 

বেলা ১১টার দিকে শুরু হওয়া এ বৃষ্টি ঘাম ঝরানো গরম থেকে রাজধানীবাসীকে কিছু সময়ের জন্য স্বস্তি দেয়।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, এখনই গরম কমার বাস্তবতা নেই। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এ ধরনের গরম অনুভূত ও অস্বস্তির মধ্য দিয়ে যেতে হতে পারে দেশবাসীকে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় এই পরিস্থিতি। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে। আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা বাড়বে।

আবহাওয়া অফিস জানায়, সন্দ্বীপ, সীতাকুন্ডু, রাঙ্গামাটি, ফেনী, চাঁদপুর, মাঈজদীকোর্ট অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

মঙ্গলবার আবহাওয়ার এক সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত