কুড়িগ্রামের বানভাসীদের ঈদ উপহার দিল রাশিদা আওয়াল ফাউন্ডেশন। সোমবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বানভাসিদের মাঝে ঈদ উপহার দেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মো. রাশেদুর রহমান। তিন চরের প্রায় ৩০০ পরিবারের মাঝে এই উপহার দেওয়া হয়। এ সময় তার বন্ধু মো. আবদুল হাসিব উপস্থিত ছিলেন।
হোসনে আরা বেগম (৪০) চর বালাডোবার বাসিন্দা তিনি। উপহার পেয়ে তিনি দেশ রূপান্তরকে বলেন, ঈদের দিন ভালোমন্দ খাইছি তারপর থাকি একবেলা খাই দিনে। তিনি আরো বলেন, 'ঢাকাত থাকি যামরা আসছে আল্লাহ তামার ভাল করুক, আরও টেকা পয়সার মালিক করক'। করোনা ও বন্যার প্রভাবে পরিবারের তিন সদস্য নিয়ে বিপাকেই ছিলেন মোতালেব মোল্লা রাতে খিচুড়ি খাবেন উল্লেখ করে তিনি দেশ রূপান্তরকে বলেন, 'আইজ রাইতয়ত খিচড়ি খামো, এটে চাল, ডাইল আছে তাহে দিয়া রানমো'।
তিনি আরো বলেন, 'মেলা দিন ধরি কাজ কাম নাই খুব অভাবে আছি স্যারেরা আইসে কিছু দেয় তাহে দিয়া চলি খাই'।
ঈদ উপহার বিতরণ শেষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মো. রাশেদুর রহমান বলেন, এই প্রতিষ্ঠানটি আমার বাবা মায়ের নামে করা আমি চেষ্টা করি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে আর সেই চেষ্টা থেকে এই ক্ষুদ্র উপহার। আমি এর আগেও শীতকালে এখানে এসেছিলাম এবং সুযোগ হলে বারবার আসব, আমি আপনাদের পাশে বন্ধুর মতো দাঁড়াতে চাই।
সংক্ষিপ্ত বক্তব্যে জেলার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, আমার বন্ধু তার প্রতিষ্ঠান থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আমি শুধু তাকে সহযোগিতা করেছি। এ সময় তিনি চরবাসীকে করোনাভাইরাসের সংক্রামণ রোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান করার আহ্বান জানান।
