নিহত সেনা কর্মকর্তার মাকে প্রধানমন্ত্রীর ফোন

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৩:১২ এএম

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্য মেজর সিনহা মো. রাশেদের মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খোঁজখবর নেওয়ায় সিনহার মা ও তার পরিবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী এ সময় সিনহার মাকে সান্তনা দেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও আর্থিক সহায়তার আশ্বাস দেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি এই ফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৩১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন ও নিরাপত্তা বিভাগ। এ ঘটনায় তদন্তের স্বার্থে টেকনাফের বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলিসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত