বৈরুত বিস্ফোরণে গৃহহীন ৩ লাখ মানুষ

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৬:১০ পিএম

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনায় ঘর হারিয়েছে তিন লাখ মানুষ। সব কিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

আলজাজিরা জানায়, মঙ্গলবারের ভয়াবহ এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৪ হাজারের বেশি।

এ দিন দুটি বিস্ফোরণের পর লেবাননের শহরটি কেঁপে উঠে। বিস্ফোরণের শব্দে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

শহরের প্রাণকেন্দ্র থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ১৫০ মাইল দূরের এলাকাতেও কম্পন অনুভূত হয়। 

বিস্ফোরণের আঘাতে বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে ঘরবাড়ি হারিয়ে ফেলে অসংখ্য মানুষ।

বৈরুতের সিটি গভর্নর মারওয়ান আবুদ জানান, ৩ লাখের মতো মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। কর্তৃপক্ষ তাদের খাবার, পানি ও আশ্রয়ের ব্যবস্থা করছে।

এ ঘটনায় লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব তিনদিন ব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। বুধবার থেকে শোক শুরু হয় দেশটিতে। 

বৈরুতের বন্দরের একটি রাসায়নিকের গুদাম থেকে ওই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে লেবানন কর্তৃপক্ষ। 

প্রধানমন্ত্রী হাসান দিয়াব  প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে মন্তব্য করেন, গুদামটিতে প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল এবং তাই বিস্ফোরিত হয়েছিল মঙ্গলবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত