চট্টগ্রামে ৩ কিশোরীকে ধর্ষণে গ্রেপ্তার ৩

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১০:৩১ পিএম

চট্টগ্রামের খুলশীতে তিন কিশোরীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার মধ্যরাতে নগরীর সেগুনবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো– সেগুনবাগান এলাকার মোহাম্মদ লিটন (৩৭) ও লালখানবাজার তুলা পুকুরপাড় এলাকার সোহেল রানা রাজু (২৮)। এর আগে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে গত ৩০ জুলাই ওমর ফারুক (৪৬) নামে এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করা হয়। গত ২৯ জুলাই রাতে খুলশীর একটি বাড়িতে ধর্ষণের শিকার হয় ওই তিন কিশোরী।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ১৩-১৪ বছর বয়সী তিন বান্ধবী নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার বাসিন্দা। গত ২৯ জুলাই সন্ধ্যায় রাগ করে বাড়ি থেকে বের হয়ে নগরীর টাইগারপাস এলাকায় যায় তারা। সেখানে এক যুবকের সঙ্গে তাদের পরিচয় হয়। পরে ওই যুবক তাদের রাতে থাকার জায়গা দেওয়ার কথা বলে খুলশী আবাসিক এলাকার তিন নম্বর সড়কের একটি বাড়িতে নিয়ে যায়। এরপর একটি ঘরে আটকে রেখে তাদের ধর্ষণ করে দুই যুবক। তিন কিশোরী বাসায় ফিরে তাদের পরিবারকে জানালে থানায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় ৩০ জুলাই ওই বাড়ির নিরাপত্তা প্রহরী ওমরকে গ্রেপ্তার করা হয়। তার মোবাইলে কলের সূত্র ধরে গত বুধবার ভোরে অভিযান চালিয়ে লিটন ও রাজুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত