সহযোগী কোম্পানি রেনাটা অনকোলজির সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে রেনাটা লিমিটেড। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেনাটা লিমিটেড জানিয়েছে, তারা রেনাটা অনকোলজির সঙ্গে একত্র হতে হাইকোর্টে আবেদন করেছিল। আদালত চলতি বছরের ১৯ জুলাই অনুমতি দিয়েছে। এ ক্ষেত্রে রেনাটা অনকোলজি হবে ট্রান্সফারার কোম্পানি এবং রেনাটা লিমিটেড হবে ট্রান্সফারি কোম্পানি।
অর্থাৎ একীভূতকরণের পর রেনাটা অনকোলজি নামে আলাদা কোনো কোম্পানি থাকবে না। রেনাটা অনকোলজির সব সম্পদ এবং দায় রেনাটা লিমিটেডের হয়ে যাবে।
১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা লিমিটেডের শেয়ার লেনদেন হয় ‘এ’ ক্যাটাগরিতে।
ডিএসইতে গতকাল রেনাটার শেয়ার ১ হাজার ১১৪ টাকায় লেনদেন হয়েছিল। কোম্পানির বাজার মূলধন ৯ হাজার ৮৫১ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৮৮ কোটি ৬০ লাখ টাকা।
গত হিসাববছর কোম্পানিটি মুনাফা করেছে ৩৭৬ কোটি টাকা। বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে নগদ ১০০ শতাংশ এবং ১০ শতাংশ স্টক। পুঁজিবাজারে কোম্পানিটির ৮ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ২৪২টি শেয়ার আছে।
এর মধ্যে ৫১ দশমিক ১৭ শতাংশ আছে পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭ দশমিক ৮৯, বিদেশিদের হাতে আছে ২২ দশমিক ৭৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৮ দশমিক ১৮ শতাংশ শেয়ার।
