স্বাস্থ্য খাতের দুর্নীতি আড়ালে সরকার কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারি-বেসরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযান পরিচালনা থেকে বিরত থাকতে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সমালোচনা করে গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, স্বাস্থ্যসেবা বিভাগ থেকে যে সার্কুলার জারি করা হলো, সেই সার্কুলার জারি করার মাধ্যমে প্রমাণিত হলো, সরকার দুর্নীতিকে সংরক্ষণ করতে চায়, দুর্নীতিকে প্রটেকশন দিতে চায়। কারণ দুর্নীতির সঙ্গে যারা জড়িত এই সব ভুয়া সনদ দেওয়া এবং স্বাস্থ্য খাতের জালিয়াতির অধিকাংশই হলো ক্ষমতাসীন দলের। তাদের প্রটেকশন দেওয়ার জন্য এই পরিপত্র জারি করা হয়েছে।
তিনি বলেন, তার মানে সামনের দিনগুলো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও ভয়ংকর পরিস্থিতি হবে এবং মানুষ কোনো ধরনের সেবাই পাবে না এ খাত থেকে। অর্থাৎ করোনার যে সংক্রমণ দিনকে দিন বিস্তার লাভ করেছে ঢাকা থেকে সারা দেশে, প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে, সেই ছড়িয়ে যাওয়ার কারণে অসুস্থ আক্রান্ত রোগীদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। তারই ইঙ্গিত দিচ্ছে এই পরিপত্র ঘোষণার মধ্য দিয়ে।
