সিফাত-শিপ্রার মুক্তির দাবিতে সহপাঠীদের মানববন্ধন

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৮:২৮ এএম

স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেবনাথের মুক্তি এবং সার্বিক নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন তাদের সহপাঠীরা। সিফাত এবং শিপ্রা কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের তথ্যচিত্র নির্মাণের সহযোগী ছিলেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা চারটি দাবি তুলে ধরেন। এগুলো হলোশিপ্রা ও সিফাতের সার্বিক নিরাপত্তা এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে, মেজর (অব.) সিনহা হত্যার সুষ্ঠু তদন্ত ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মানসিক প্রহসন থেকে মুক্তি দিতে হবে।

মানববন্ধনে শিপ্রা ও সিফাতের সহপাঠী ফয়জুল ইসলাম বলেন, ‘সিফাত-শিপ্রাকে ফাঁসানো হয়েছে। দ্রুত ওদের মুক্তি চাই। আর যেন হয়রানি করা না হয়। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’ মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, সহকর্মী ও সহপাঠী হিসেবে তারা সিফাত ও শিপ্রার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ও শঙ্কিত।

উল্লেখ্য, ৩১ জুলাই রাতে সিনহা ও সাহেদুল কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়ক ধরে যাচ্ছিলেন। বাহারছড়া ইউনিয়নের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের ভাষায় ‘আত্মরক্ষার্থে’ ছোড়া গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় সাহেদুলকে। এ ছাড়া এ তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে তারা যে রিসোর্টে উঠেছিলেন, সেখান থেকে স্টামফোর্ডের আরেক শিক্ষার্থী তাহসিন রিফাত নূর ও শিপ্রাকেও আটক করা হয়। পরে তাহসিনকে ছেড়ে দেয় পুলিশ এবং শিপ্রাকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত