পাবনার ঈশ্বরদীতে চিহ্নিত এক নারী ‘মাদক কারবারি’ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আসনা কারিগরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, পালাতে গিয়ে পুলিশের তিন সদস্যকে রক্তাক্ত করে আছিয়া খাতুন (৪৫) নামে ওই নারী মাদক কারবারি। এ সময় দুই পুলিশ সদস্যের হাতে কামড় ও এক নারী সদস্যের মাথা ফাটিয়ে দেয় আছিয়া। এর আগেও বহুবার গ্রেপ্তার করতে গেলে নানা অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়ে পার পাওয়ার চেষ্টা করত সে।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা কারিগরপাড়া গ্রামের ওয়াহাব হোসেন কুপনের স্ত্রী আছিয়া খাতুন একজন চিহ্নিত মাদক কারবারি। আছিয়ার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাছাড়া তার বাড়িতে মাদক বিক্রিসহ নিয়মিত অনৈতিক কাজও চলত। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদে আছিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সাড়ে ১১ গ্রাম হেরোইনসহ আছিয়া ও তার সহযোগী শ্রাবন্তী (১৯), লাকী বেগম (৩০) এবং আশরাফুল আলম মৃদুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের প্রিজন ভ্যানে তোলার একপর্যায়ে এসআই আতিক ও এসআই নাসিরুলের হাত কামড়ে রক্তাক্ত করে আছিয়া। এ সময় মহিলা কনস্টেবল মাহামুদা এগিয়ে এলে ইট দিয়ে আঘাত করে তারও মাথা ফাটিয়ে দেয় সে। এই সুযোগে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তারদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে আছিয়ার সহযোগীরা। পরে ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
