রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৭:০৩ এএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল শনিবার বিকেলে বঙ্গভবনে নবনিযুক্ত নৌবাহিনীপ্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি নবনিযুক্ত নৌবাহিনীপ্রধানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষাসহ এই অঞ্চলের সামুদ্রিক সম্পদ আহরণ ও সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, এ সময় রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নে ফোর্সেস গোলস ২০৩০ বাস্তবায়ন করছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী আজ ত্রিমাত্রিক, দক্ষ ও চৌকস বাহিনীতে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত নৌবাহিনীপ্রধানের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আরও আধুনিক, প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শক্তিশালী বাহিনীতে পরিণত হবে।

নবনিযুক্ত নৌবাহিনীপ্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি নৌবাহিনীপ্রধানের সাফল্য কামনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত