আনোয়ারায় বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৩:০৪ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।

চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের উদ্যোক্তা কোম্পানি চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।

রবিবার দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জানে আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের (সিইআইজেড) সহকারী পরিচালক মো. ইয়াসিন আরফাত সাজ্জাদ, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরী প্রমুখ।

প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার তেল সমৃদ্ধ একটি করে প্যাকেট বিতরণ করা হয়।

ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, আনোয়ারার রায়পুরে জোয়ারে পানিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুর্গতি দেখে চীনা ইকোনমিক জোন তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।

এর আগেও করোনাকালে গত ৫ এপ্রিল সরকারি ত্রাণ তহবিলে ১০ টন চাল সহায়তা দেয় সিইআইজেড কর্তৃপক্ষ। তারা ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন এবং এই দুর্যোগ অচিরেই কেটে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত