গাইবান্ধায় সড়ক অবরোধ

সেতু হত্যার আসামিদের গ্রেপ্তার দাবি

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৭:৩৩ এএম

গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামে কলেজছাত্রী ও গৃহবধূ সুমাইয়া আক্তার সেতু হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার গিদারী ইউনিয়নের কাউন্সিলের বাজারে এসব কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, শিক্ষক, সহপাঠী, অভিভাবকসহ সহস্রাধিক এলাকাবাসী।

প্রথমে গিদারী ইউনিয়নের কাউন্সিলের বাজারে মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত সেতুর বাবা শাহিন মিয়া, মা রওশন আরা বেগম, গিদারীর রহমান নগর কারিগরি স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সহকারী শিক্ষক মো. আবু হানজালার, এলাকাবাসীর পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুহম্মদ সাদ্দাম হোসাইন, নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় এক বছর আগে সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের শাহিন মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার সেতুর (১৯) সঙ্গে একই উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর খোলাহাটী গ্রামের রওশন আলমের ছেলে সুজন মিয়ার (২৫) বিয়ে হয়। বিয়ের পর যৌতুক দিতে অস্বীকৃতি জানালে সেতুর ওপর নেমে আসে শারীরিক ও অমানুষিক নির্যাতন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে উত্তর খোলাহাটীতে স্বামী সুজন ও শ্বশুর-শাশুড়িসহ ছয়জন সেতুকে শ্বাসরোধ ও মারধর করে হত্যা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত