পাঁচ মাস পর রিফাত হত্যা মামলা বিচারিক কার্যক্রম শুরু

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৩:৩৩ পিএম

করোনার কারণে বন্ধ থাকার পাঁচ মাস পর ফের শুরু হয়েছে আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম। 

সোমবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে প্রাপ্তবয়ষ্ক আসামিদের বিচারিক কার্যক্রম শুরু হয়। এ সময় জামিনে থাকা মিন্নিসহ ১০ আসামি হাজির হয়। 

রিফাত হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, আদালতে আসামিদেরকে ৭৬জন সাক্ষীর দেয়া সাক্ষ্য পড়ে শোনানো হবে।

এছাড়াও আসামিদের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ ও কোনো কাগজপত্র জমা দেয়া হবে কিনা জানতে চাওয়া হবে। কোনো আসামির পক্ষে কাগজপত্র জমা দেয়ার না থাকলে আজকেই আদালতে বিচারিক কার্যক্রম শেষ হতে পারে।

রিফাত হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে দুটি ভাগে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১০জন প্রাপ্তবয়স্ক ও ১৪জন শিশু আসামি। মামলায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মিন্নি ও শিশু আসামিদের মোট আটজন জামিনে আছেন। 

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত