আনোয়ারা উপকূলে ভেসে আসলো অজ্ঞাত ব্যক্তির লাশ

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৩:৩৮ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে জোয়ারের পানিতে ভেসে এসেছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ (৪৫)। মঙ্গলবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বাইগ্যার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে সাগরে মাছ ধরতে গেলে সৈকত পাড়ে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। লাশটির পচন ধরে চেহারা বিকৃত হয়ে গেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশটির কোমরে গামছা বাঁধা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত