খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৮:০৩ এএম

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় রাতের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। তাদের স্থানীয় কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গত সোমবার রাতে উপজেলার সুরিচালা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশনস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক বিউটি আক্তারসহ কয়েকজন জানান, কারখানার সুইং সেকশনে শতাধিক শ্রমিক রাতের পালায় কাজ করছিলেন। রাত ৯টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের নাশতা হিসেবে ডিম, কলা ও কেক দেয়। এগুলো খাওয়ার পরপরই শ্রমিকরা একে একে অসুস্থ হতে থাকেন। তাদের মধ্যে অনেকের বমি, মাথা ঘোরানো ও পেটব্যথা শুরু হয়। পরে অসুস্থ শ্রমিকদের তাদের সহকর্মীরা স্থানীয় তানহা হেলথ কেয়ার হাসপাতাল এবং কয়েকটি ক্লিনিকে ভর্তি করান।

তানহা হেলথ কেয়ার হাসপাতালের ডাক্তার শাকিল আহমেদ জানান, শ্রমিকরা রাতে যে খাবার খেয়েছিল তার মধ্যে কোনো সমস্যা থাকতে পারে। তাদের ফুড পয়জনিংজনিত সমস্যা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অসুস্থদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

কারখানা কর্তৃপক্ষ বলছে, রাতের পালায় কাজ করা শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজনের পেটব্যথা ও বমি নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। কী কারণে তাদের এ অবস্থা হয়েছে বিষয়টি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। অসুস্থদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

গাজীপুর-১ শিল্প পুলিশের ওসি রেজাউল করিম রেজা জানান, ইনক্রেডিবল ফ্যাশনস লিমিটেড কারখানার শ্রমিকরা রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন এমন খবর পেয়ে রাতেই কারখানায় পুলিশ মোতায়েন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত