সাতক্ষীরার তালা উপজেলায় বুধবার একদিনে তিন ব্যক্তির অপমৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ অপমৃত্যুর ঘটনার প্রাথমিক তদন্ত ও পরিবারের বরাত দিয়ে জানিয়েছে প্রত্যেকটি মৃত্যু আত্মহত্যায় ঘটেছে।
তালা থানার ওসি মেহেদি রাসেল জানান, সাতক্ষীরার তালায় গোলজান বিবি (৮৫) নামের এক বৃদ্ধা ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকাল আটটার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গোলজান বিবি বালিয়াদহ গ্রামে মৃত রহিম বকস্ গাজীর স্ত্রী।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারে, গোলজান বিবি পারিবারিকভাবে কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বুধবার সকালে তার নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে নামানোর আগেই সে মারা যায়। তালা থানার ওসি মেহেদি রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এরই এক ঘণ্টা পরে একই উপজেলার খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামের আব্দুস সাত্তার সরদারের স্ত্রী রহিমা বেগম (৬১) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সেখানেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে।
দুপুরে একই উপজেলার পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মুর্শেদ জানান, বাবার বকুনি খেয়ে অভিমান করে ক্লাস সেভেনে পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে। সকালের দিকে বাবা রবিউল ইসলাম পড়াশোনা নিয়ে বকুনি দিলে অভিমান করে রুকাইয়া সুলতানা (১৩) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
