কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর ইটালুকান্দা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আখিরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে চর ইটালুকান্দা সীমান্তের ১০৫২ থেকে ১০৫৩ আন্তর্জাতিক পেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আখিরুল চর ইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশের দাবি, আইনি জটিলতায় পড়ার আশঙ্কায় গরু ব্যবসায়ী আখিরুলের মৃত্যু নিয়ে লুকোচুরি করছে তার পরিবার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভারত থেকে গরু নিয়ে ভোরে একদল ব্যবসায়ী চর ইটালুকান্দা সীমান্তের ১০৫২ থেকে ১০৫৩ আন্তর্জাতিক পেইন পিলার এলাকা দিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে আখিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে সঙ্গীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জামারপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার এসএম আজাদ বলেন, ‘বিএসএফের গুলিতে এক গরু ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি নিশ্চিত হতে চেষ্টা চলছে। ঘটনা সত্য হলে বিএসএফের কাছে প্রতিবাদ পাঠানো হবে।’
এ বিষয়ে রৌমারী থানার ওসি আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম জানান, আইনি জটিলতা এড়াতে আখিরুলের মৃত্যু নিয়ে পরিবার লুকোচুরি করছে। স্থানীয়দের মাধ্যমে আমরা একটি নতুন খবরের খোঁজ পেয়েছি। লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত না করা পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আগামীকাল (আজ) লাশ উত্তোলনে আদালতে আবেদন করা হবে বলে জানান তিনি।
